
শিক্ষা মানুষকে আলোকিত করে এবং সমাজের সকল অমানিশার অন্ধকার দূর করে। শিক্ষা, সাহিত্য, শিল্প ও যোগাযোগ সহ চান্দিনার সকল উন্নয়নের রূপকার হিসেবে যার নাম না বললেই নয়, তিনি হলেন ড. রেদোয়ান আহমেদ। নানা প্রতিকূলতার কারণে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে জ্ঞান-বিজ্ঞানের চর্চা সহ সকল দিক থেকে পিছিয়ে পড়েছিল ঠিক তখনি আলোক বর্তিকা হাতে নিয়ে এই অনগ্রসর জনগোষ্ঠির কথা চিন্তা করে তাদের এগিয়ে নিয়ে যাবার জন্য এবং মাধাইয়া অঞ্চলের গণমানুষের দীর্ঘ দিনের দাবীর কথা বিবেচনা করে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ও গণমানুষের মুক্তির জাগরণের অগ্রপথিক বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ ১৯৯৯ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মনোরম পরিবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নামে প্রতিষ্ঠা করেন মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ। কলেজটি প্রতিষ্ঠাকালীন সময়ে নানা বাধা-বিপত্তি আসে, যা আজও চলমান। এক শ্রেণির স্বার্থলিপু মানুষ দ্বারা তাঁর এই মহৎ উদ্যোগ বার বার বাঁধাপ্রাপ্ত হয়। তিনি সকল বাঁধাকে জয় করে নানান প্রতিকূল অবস্থায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেন এই কলেজটি। যা ঐ সময়ে মোটেও সহজসাধ্য ব্যাপার ছিল না। তিনি ঐ সময়ের চ্যালেঞ্জকে মোকাবেলা করেছেন। দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছেন। দমাতে পারেনি তাঁর এই মহৎ উদ্যোগকে-যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ও প্রশংসার দাবীদার। এছাড়াও তিনি অত্র উপজেলায় ৩টি কলেজ, ৮টি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
কলেজটি ২০০৪ সালে এমপিও ভূক্তি লাভ করে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা- তিনটি বিভাগই চালু আছে এখানে। বর্তমানে কলেজটিতে 43 জন প্রভাষক, প্রদর্শক, সহকারি গ্রন্থাগারিক, ৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৬৫০ জন। মান সম্মত শিক্ষা, জিপিএ-৫ ও ভাল ফলাফলের জন্য ২০০৮ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক অত্র কলেজটি অভিনন্দন সূচক সনদ লাভ করে এবং চান্দিনা উপজেলায় এ কলেজটি বরাবরই ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। ঢাকাস্থ চান্দিনা জনকল্যাণ বৃত্তিতেও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি ও মেডিকেলে পড়ার সুযোগ লাভ করে।
আমিও চেষ্টা করব শিক্ষা-সংস্কৃতির অগ্রযাত্রায়, শিক্ষার্থীদের মেধা-মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে অত্র কলেজটিকে বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলে তাঁর মহৎ উদ্যোগকে সফল করতে। নিয়মিত ক্লাস, টিউটরিয়াল, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধাবী, ভালো ফলাফল অর্জনে আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যাশা রাখছি।
মোঃ নূরুল ইসলামঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ
